বন্দর এলাকায় দেড় কোটি টাকার চোরাই কাপড়ের রোল জব্দ, আটক ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বন্দর এলাকায় ২৩৩টি বিভিন্ন রংয়ের প্রায় দেড় কোটি টাকার চোরাই কাপড়ের রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. বাহাদুর (২৬) ও মো. আলী জোহার (২৪) নামে ২ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা (বন্দর–পশ্চিম) বিভাগের উপ–কমিশনার ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন এ তথ্য জানান।

অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন বলেন, ডিবির স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বন্দর থানার নতুন পোর্ট মার্কেট এলাকা থেকে ২৩৩টি বিভিন্ন রংয়ের চোরাই কাপড়ের রোল উদ্ধার করেছে। এসময় ২টি কাভার্ডভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তিনি আরো বলেন, বন্দর দিয়ে আমদানীকৃত কাপড়ের এসব রোল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হলে তারা চুরি করে টেরীবাজার ও ঢাকার পার্টির নিকট বিক্রি করে দেয়। এদের সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযানজটের সুযোগ নেয় ‘ঝটিকা ডাকাতদল’
পরবর্তী নিবন্ধএগিয়ে ইমরানের দলের স্বতন্ত্ররা, নওয়াজের জয় দাবি