বন্দরের ১০৬ টন বিপজ্জনক পণ্য ধ্বংসের জন্য পাঠানো হচ্ছে নারায়ণগঞ্জ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় পড়ে ৯ কন্টেনারে ১০৬ টন বিপজ্জনক এসিড ও এসিড জাতীয় পণ্য ধ্বংসের জন্য নারায়নগঞ্জের রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালস কারখানায় পাঠাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টমসের সভার সিদ্ধান্ত মতে আজ এসব বিপজ্জনক পণ্য নারায়নগঞ্জে পাঠানো হচ্ছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, বিপজ্জনক এসব পণ্যের মধ্যে রয়েছে– থিনার ১৩ হাজার ৮০০ কেজি এবং মিথানল ৯২ হাজার ৫৪৪ কেজি। চট্টগ্রামে এসব পণ্য ধ্বংস করার মতো পরিবেশ ও লজিস্টিক সাপোর্ট না থাকায় এসব পণ্য নারায়নগঞ্জে পাঠাতে হচ্ছে। এর আগে গত ৬–৭ বছর আগে সিলেটের সুনামগঞ্জের ছাতকের একটি সিমেন্ট কারখানায় বিপজ্জনক নিলাম অযোগ্য পণ্য পাঠিয়ে ধ্বংস করা হয়েছিল।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ দৈনিক আজাদীকে বলেন, আগামীকাল (আজ) নারায়ণগঞ্জ পাঠানো হচ্ছে নিলাম অযোগ্য এসব বিপজ্জনক পণ্য। তবে তারপরদিন অর্থাৎ রোববার এসব পণ্য ধ্বংস করা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধকঠোর নিরাপত্তার বলয়ে নয়াদিল্লির যন্তর মন্তর, ইন্টারনেট বন্ধ
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার