বগুড়া-শেরপুরের দুই আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়ী

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া৬ আসনে উপনির্বাচন ও শেরপুর৩ আসনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন। খবর বাংলানিউজের।

বগুড়া : বগুড়া(সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

নির্বাচন কমিশন জানায়, এ আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালটসহ মোট ৪৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোট পড়েছিল ৭১ দশমিক ১৫ শতাংশ, যা এবারের উপনির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা১৭ ও বগুড়া৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী। তিনি ছেড়ে দেওয়ায় এ আসনটিতে আজ উপনির্বাচন হলো।

শেরপুর : জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর(শ্রীবরদীঝিনাইগাতী) আসনেও এদিন সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। রাতে মোট ১২৮ কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ১০ এপ্রিল সকাল ১১টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে মোট ভোট পড়েছে ৫২ শতাংশ। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ধাপে ধাপে ফলাফল সংগ্রহের পর তা ঘোষণা করা হয়।

তিনি বলেন, কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। দুইএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধযুবদলকর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় সন্ত্রাসী তুহিন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমনোনয়নপত্র নিলেন চট্টগ্রামের ৯ বিএনপি নেত্রী