ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা ও হালনাগাদ কৌশল বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার গত ২৭ এপ্রিল প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইনস্টিটিউটের সকল বিভাগের অধ্যাপক সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও সহকারী সার্জনগণ অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আবু বকর সিদ্দিক ও ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। র্যাপোটিয়ারের দায়িত্বে ছিলেন ডা. ফারজিন আক্তার। সেমিনারে বক্তারা বিষয়ের আলোকে ডেঙ্গু মোকাবেলায় সকল ধরণের প্রস্তুুতির বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদ বলেন, ডেঙ্গু একটি মারাত্মক রোগ। সকলের প্রচেষ্টা ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য সর্বত্র জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধের মূল ভিত্তি। এর লক্ষণগুলো জানা এবং মশা নিধন ও পরিষ্কার–পরিচছন্নতা বজায় রাখার মাধ্যমে নিজেকে ও পরিবারকে রক্ষা করা জরুরী। এ রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে তাগিদ দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।














