ফেসবুক লাইভে এসে স্থানীয় তিনজনের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’ ও ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে পাঁচ মাস তাকে জেল খাটানোর অভিযোগ এনে নগরীর বক্সিরহাট এলাকার স্বপন ঘোষ নামের এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক নুরুল আলম ৫ আশেক বলেন, বঙিরহাট এলাকার নিজ বাসায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন স্বপন ঘোষ নামের এক ব্যবসায়ী। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করান। আত্মহত্যা চেষ্টাকারী ওই ব্যবসায়ী নগরীর বঙিরহাটের ঐতিহ্যবাহী ‘পীতাম্বর শাহের’ দোকানের বিপরীতে ‘স্বপন ঘোষ এন্ড সন্স’ এর মালিক। ফেসবুকে ওই ব্যবসায়ী বঙিরহাট এলাকার শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী নামের তিনি জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর ভাড়ার নামে ওই ব্যক্তিরা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দেওয়ায় অস্বীকৃতি জানান। এতে তাকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে পাঁচ মাস জেল খাটানো হয় বলে অভিযোগ তুলেন। তিনি আরো অভিযাগ করেন, জেলে থাকার সময় তার স্ত্রীকে নিয়ে গিয়ে একটি দলিলে দোকান ভাড়ার স্বাক্ষর চুক্তি করতে বাধ্য করেন অভিযুক্তরা। লাইভে তিনি বিষপানের মুহূর্তে তার মৃত্যুর জন্য ওই তিনজনকে দায়ী করে তাদের শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।












