সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াসমিন আক্তার, ইরফাদ হোসেন, মো. রাকিব ও মো. তারেকের নাম জানা গেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পৌর সদর এলাকার পন্থিছিলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত বুধবার পন্থিছিলা উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। ওই খেলা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে পরের দিন বৃহস্পতিবার বিএনপির একটি পক্ষ মিছিল নিয়ে ফকির পাড়ায় গেলে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি চায়ের দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের লোকজন আহত হওয়ার খবর তিনি শুনেছেন। দুই পক্ষের লোকজনই থানায় এসে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












