এক বৈশাখে আমার এই নীপবনে
বাসা বুনে উড়ে গিয়েছো ছোট্ট পাখি
ফিরে আসো যদি ঝরা পালকের টানে
এই দূরাশায় দীর্ঘ প্রহর জাগি
কতো পাখি আসে, কতো পাখি উড়ে যায়
শিমুল তমাল কৃষ্ণচুড়ারা ফোটে
বোশেখি আকাশে হঠাৎ মেঘের উঁকি
বিদায়ের সুর বাজে কোকিলের ঠোঁটে
কর্ণফুলীর ঢেউয়ের শীর্ষ ছুঁয়ে
সাম্পান ভিড়ে প্রিয় মানুষের ঘাটে
সাতরঙা চুড়ি রিনিকঝিনিক বাজে
স্মৃতি জাগানিয়া বোশেখী মেলার হাটে
ফিরে যদি আসো তুমিও স্মৃতির টানে
সে বাগান জুড়ে নধর সবুজ আম
হাওয়ায় দুলছে তোমারই প্রতীক্ষায়
আমিও তোমার সেই প্রিয় ঘনশ্যাম
বৈশাখ আসে বৈশাখ ফিরে যায়
সাজাই তোমার নামের বরণডালা
ফিরতেই পারো প্রিয় পথরেখা ছুঁয়ে
তাই গেঁথে রাখি শত পুষ্পের মালা














