ফটিকছড়িতে মোটরসাইকেল থেকে ড্রামে তেল স্থানান্তর করতে গিয়ে দগ্ধ পাম্প ক্যাশিয়ারের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বসতঘরে মোটরসাইকেল থেকে ড্রামে তেল স্থানান্তরের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জনতা অয়েল এন্ড কোং ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মনতুষ নাথের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইমাম নগর গ্রামের নাথ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স‍ূত্রে জানা যায়- ঘটনার সময় মোটরসাইকেল থেকে প্লাস্টিকের ড্রামে তেল ঢালা হচ্ছিল। এসময় অসাবধানতাবশত তেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। নিহতের ভাতিজা সুজন নাথ বলেন- মানুষের চিৎকার শোনে আমি এগিয়ে আসি। পরে দেখি আমার চাচার শরীরের সামনের অংশ পুড়ে গেছে। চাচির বক্তব্য অনুযায়ী- ড্রামে মোটরসাইকেল থেকে তেল ঢালতে গিয়ে আগুন লেগে যায়। পরে সে ড্রাম পাশের পুকুরে ফেলে দিতে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়।

স্থানীয় বিএনপি নেতা শরীয়ত উল্লাহ বলেন- খবর পেয়ে আমরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করি। ড্রামের তেল থেকে আগুন যাতে ঘরে না লাগে সেজন্য মনতুষ ড্রামটি বাইরে পেলে দেয়ার চেষ্টা করে। ঘরটি বাঁচাতে গিয়ে সে নিজের জীবন হারালো।

নিহত মনতুষ একই এলাকার হরিমন দেব নাথের ছেলে। তার ১ কন্যা সন্তান এবং ১ ছেলে সন্তান রয়েছে। ঘটনার ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় (১৮ এপ্রিল) অগ্নিদগ্ধ মনতুষের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম- প্রাথমিক তদন্ত অনুযায়ী মোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালতে গেলে আগুন লাগে। সে আগুনে দগ্ধ হয়ে মনতুষের মৃত্যু হয়। বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের মৃত্যু