তরুণ সমাজের মধ্যে তামাক, ভ্যাপিং ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের প্রভাষক ডা. জেসমিন মুসা। তিনি তামাক ও নিকোটিনের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং বাংলাদেশে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ। সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে তামাক ও নিকোটিন আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।














