সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলের পোশাক দেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পোশাক দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। বছরে একবার শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক স্কুলে বিনামূল্যে ইউনিফর্ম দিতে পারব।
গতকাল সোমবার ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক সংলাপে এমন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : কৌশলগত পথনির্দেশনা’ শিরোনামে এ সংলাপ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি। খবর বিডিনিউজের।
ববি হাজ্জাজ বলেন, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে ‘মিডডে মিল’ চালু করা হয়েছে। আশা করছি, আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিডডে মিলের’ ব্যবস্থা করতে পারব। তিনি বলেন, শিক্ষাখাতের উন্নয়নে থ্রি–সি অর্থাৎ কারিকুলাম, ক্লাসরুম, কনসিসটেন্সি ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন করতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার কারিকুলামে অনেক ঘাটতি রয়েছে। আমি ইতোমধ্যে স্কুলে স্কুলে সরেজমিনে গিয়েছি। কয়েকটি স্কুলে গিয়ে, বিশেষ করে ফোর–ফাইভের শিক্ষার্থীদের বই থেকে পড়তে বলার পর দেখেছি, পড়াটা তাদের জন্য বেশ মুশকিল হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে তারা আসলে কী পড়ছে? পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কিনা। সাবলীলভাবে তারা পড়তে পারবে কিনা। আমার কাছে মনে হয়েছে, তাদের জন্য পড়াগুলো বেশ কঠিন। কারিকুলাম পর্যালোচনা করে হালনাগাদ করতে হবে। যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রাইমারি ও প্রি–প্রাইমারিতে খেলাধুলাভিত্তিক ও গল্পভিত্তিক শিক্ষা চাই। শিক্ষার্থীরা যেন পড়ার আগ্রহ পায়, এমন কারিকুলাম তৈরি করতে হবে।













