প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়া

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী তাদের দেশের সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বের রদবদলের অংশ হিসেবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

সোমবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকার জানায়, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল জুলাই মাস থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন। রয়টার্স জানিয়েছে, কোয়েল বর্তমানে চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ পদে আছেন। জুলাইয়ে সেনাপ্রধান হিসেবে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের অফিসার র‌্যাঙ্কে নারী কর্মকর্তার সংখ্যা বাড়াতে চাইছে। সেই ধারাবাহিকতায়ই কোয়েলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হল। দেশটির সামরিক বাহিনী পরিকল্পিত যৌন হয়রানি ও বৈষম্যের বহু অভিযোগের মুখে পড়েছে।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, জুলাই থেকে আমরা সেনাবাহিনীর প্রথম নারী প্রধানকে পাবো। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪০.৩৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমধ্য-ডানপন্থিদের কাছে বড় হার হাঙ্গেরির রক্ষণশীল আইকন অরবানের