বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কক্সবাজারের পেকুয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
গতকাল বুধবার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার সংলগ্ন এলাকা এবং পেকুয়া পৌরসভার মিয়াপাড়া এলাকায় পৃথকভাবে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। আশার নিজস্ব অর্থায়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কর্মসূচিতে আশা পেকুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. জাহেদুর রহমান, পেকুয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার শিপন কুমার নাথসহ শাখার অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আশা পেকুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. জাহেদুর রহমান বলেন, সম্পূর্ণ বিদেশি অনুদানমুক্ত প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোক্রেডিট কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও আশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের দুর্দশা লাঘবে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হচ্ছে। বন্যার এই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আশা তার মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।











