পুলিশ দেখে ট্রাকসহ ৫০ কেজি গাঁজা ফেলে পালালেন তিন কারবারি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুলিশ দেখে মিনিট্রাকসহ ৫০ কেজি গাঁজা ফেলে পালিয়ে গেছেন ৩ মাদক কারবারি। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চট্টগ্রামমুখি একটি মিনিট্রাককে থামানোর সংকেত দেয়া হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনিট্রাকে থাকা চালকসহ ৩ মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। ধাওয়া করেও তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে মিনিট্রাকে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। জব্দ করা হয়েছে গাঁজা পাচারকাজে ব্যবহৃত মিনিট্রাক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফুলকির সুবর্ণজয়ন্তী বছরের প্রথম আয়োজন
পরবর্তী নিবন্ধচবিতে চালু হলো বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড