যুক্তরাষ্ট্রের একমুখী আচরণই বিশ্বকে অস্থির করে তুলেছে অভিযোগ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা সেই ‘এককেন্দ্রিক বিশ্বের যুগ শেষ হয়েছে’। সেন্ট পিটার্সবুর্গে শুক্রবার ‘ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরাম’ এর বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে পুতিন এ কথা বলেন বলে জানায় সিএনএন। খবর বিডিনিউজের। পুতিন বলেন, ‘স্নায়ু যুদ্ধে জিতে যাওয়ার পর যুক্তরাষ্ট্র নিজেদেরকে পৃথিবীতে ঈশ্বরে নিজস্ব প্রতিনিধি বলে ঘোষণা করলো। শুধু নিজেদের স্বার্থরক্ষা ছাড়া যাদের আর কোনো দায়িত্ব নেই। আর নিজেদের সেই স্বার্থকে তারা পবিত্র বলেও ঘোষণা করলো। তাদের সেই একমুখী আচরণই বিশ্বকে অস্থির করে তুলেছে।
শুক্রবার অর্থনৈতিক ফোরামে পুতিনের বক্তৃতা দেওয়ার আগে বড় ধরনের সাইবার হামলার শিকার হয় রাশিয়া। ফলে পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে ৯০ মিনিট পরে বক্তৃতা দেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সাইবার হামলার এবং পুতিনের বক্তৃতার সময় পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা এই সাইবার হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনীর আইটি দলের হ্যাকাররা এটা ঘটিয়ে থাকতে পারে।














