পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ভোরের আলো ফোটার আগেই নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক মোড় এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাস্তা পর হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় দেলোয়ার হোসেন রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকলে স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে। তার মায়ের নাম আনোয়ারা বেগম।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় অন্ধকার থাকায় তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। গাড়িটি শনাক্ত করা গেলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোরে পলিটেকনিক মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার দেলোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধএনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবি
পরবর্তী নিবন্ধপিকআপের সিটের পেছনে লুকানো ছিল ১ লাখ ইয়াবা