পরীমনি সময় মতো আদালতে আসেননি, পেছাল জেরার দিন

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৪১ পূর্বাহ্ণ

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় পরীমনি সময় মতো আদালতে পৌঁছাতে না পারায় জেরার দিন পিছিয়েছে। খবর বিডিনিউজের।

রোববার ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন জেরার জন্য ৩০ নভেম্বর নতুন দিন রেখেছেন। এদিন সকাল ১১ টার দিকে চিত্রনায়িকার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে বলেন, পরীমনি আদালতে আসবেন। ১২টার দিকে যেন জেরার জন্য রাখা হয়। সেই অনুযায়ী পরীমনিকে জেরার জন্য দুপুর ১২টার সময় রাখে আদালত।

সময় হলে দুই দফা ডাকা হয় পরীমনিকে। তবে তিনি পৌঁছাতে পারেননি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমনি যানজটের কারণে ১২টায় আদালতে এসে পৌঁছাতে পারেননি। এদিকে সব মামলার শুনানি শেষ হয়ে যায়। আসামিরাও চলে যায়। এজন্য আজ জেরা হয়নি। আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন রাখা হয়েছে।

পরে আদালত প্রাঙ্গণে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিত্রনায়িকা পরীমনি। মামলার আসামি হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন। এদিন শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অপর দুই আসামি আদালতে হাজিরা দেন।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ
পরবর্তী নিবন্ধবুবলীর ফেরার প্রস্তুতি