চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস–এর উদ্যোগে ‘পার্ট অব দ্য চেইঞ্জ টুগেদার, ফর এ গ্রিনার টুমোররো’ প্রতিপাদ্যে গতকাল রোববার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে দিনব্যাপী গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে আন্ডারস্ট্যান্ডিং গ্রিন ক্যাম্পাস শীর্ষক কি–নোট স্পিকারের বক্তব্য রাখেন আওয়ার গ্রিন ক্যাম্পাস– এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিবেশ শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি যে শিক্ষা কেবল জ্ঞান অর্জনের নাম নয়; প্রকৃত শিক্ষা তখনই অর্জিত হয়, যখন তা মানুষের আচরণ ও চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনে। কোনো শিক্ষাক্রম সম্পন্ন করার পর যদি একজন মানুষের আচরণে পরিবর্তন না আসে, তাহলে সেই শিক্ষা প্রকৃত অর্থে সফল হয় না। তাই পরিবেশ শিক্ষা এমন এক শিক্ষা, যা মানুষের জীবনযাপন, মূল্যবোধ ও দায়িত্ববোধকে পরিবর্তনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে শেখায়। তিনি বলেন, উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করে ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলা কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, পরিবেশের বিরুদ্ধে অবস্থান নিলে প্রকৃতি একসময় তার কঠোর প্রতিক্রিয়া দেখায়। তাই প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থান নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস পরিবেশ শিক্ষা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেছে। এটি শুধু ইনস্টিটিউটের নয়, সমগ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।
তিনি পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন বিষয়ে এমন সময়োপযোগী সামিট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসপিয়া।
এসময় আরও উপস্থিত সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, অন্যান্য শিক্ষকবৃন্দ, ইপসার প্রতিনিধি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাবেক–বর্তমান নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না ও উর্মী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












