রাঙ্গুনিয়ায় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া সাত বছর বয়সী শিশু ইয়াকুবকে থানার হেফাজতে রাখা হয়েছে। শিশুটির পরিবারের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কীভাবে সে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তা এখনো জানা যায়নি। তার স্বজনদেরও সন্ধান পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার বাবার নাম শাহাবুল। তিনি পেশায় রিকশাচালক। তাদের বাড়ি চট্টগ্রামের শেরশাহ কলোনি এলাকায় বলে জানিয়েছে শিশুটি। তবে সে বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের নাম্বার বলতে পারছে না।
শিশুটিকে নিরাপদে রাখা এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, শিশুটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তার পরিচয় বা পরিবারের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
শিশুটির পরিবারের সন্ধান পেলে রাঙ্গুনিয়া মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ।












