পটিয়ায় দুর্গম পাহাড়ে ৪টি বন্দুক ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

দুই ব্যক্তি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে পটিয়ার দুর্গম পাহাড়ে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটিয়ার কেলিশহর এলাকায় দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইন্নারপাড়ার (ছদু মিয়ার বাড়ি) মৃত মো. দুলা মিয়ার পুত্র মো. দেলোয়ার হোসেন (৫৪) ও একই এলাকার নুরে আলম পুচুম এর পুত্র মো. মহসিন (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় তৈরি এলজি, ৬টি কিরিচ, ৫টি রামদা, একটি ধামা ও একটি লোহা কাটার। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসমূহ বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

জানা যায়, কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকাটি খুবই দুর্গম পাহাড়ি অঞ্চল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামি মো. দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি ধামা, একটি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল শুক্রবার দুপুরে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা অসীম সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দেন। অভিযানে ২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে জেলা ডিবি পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিলের রাস্তায় নিত্য যানজট, ভোগান্তি
পরবর্তী নিবন্ধসাবেক এমপি বদির ফুফা ইয়াবাসহ আটক