খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে সড়কের দুই পাশে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে পড়েছে। গত বুধবার রাত ১০টার দিকে দীঘিনালা–লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় নড়বড়ে বেইলি সেতুটির পাটাতন দেবে যায়।
স্থানীয় দোকানমালিক বিটু চন্দ্র নাথ বলেন, বিকেল থেকেই সেতুর পাটাতনে সমস্যা দেখা দিয়েছিল। রাত ১০টার দিকে পাথরবোঝাই ট্রাকটি ওঠার পর পাটাতনটি পুরোপুরি ভেঙে পড়ে। এরপর থেকেই ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে মূল সেতুর পাশে নির্মাণাধীন নতুন সেতুর জন্য তৈরি করা বিকল্প সড়ক (ডাইভারশন) দিয়ে ইজিবাইক, মোটরসাইকেল ও পিকআপের মতো হালকা যানবাহন চলাচল করছে। তবে বড় ট্রাক ও বাস পার হতে না পারায় বিপাকে পড়েছেন যাত্রী ও চালকেরা। ভুক্তভোগী চালক আব্দুল খালেক জানান, ভারী যানবাহন চলাচলের বিকল্প পথ না থাকায় অনেকগুলো ট্রাক ও বাস আটকা পড়ে আছে। এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চাকমা বলেন, পাথরবোঝাই ট্রাকটি থেকে প্রথমে পাথর সরিয়ে নেওয়া হবে। ট্রাকটি উদ্ধার করার পরপরই সেতু মেরামতের কাজ শুরু হবে। আজকের (গতকাল বৃহস্পতিবার) মধ্যেই মেরামত শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।












