নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

২০১৪ সালে বাংলাদেশের প্রথম টিটোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন ফাহিমা খাতুন। এরপর প্রতিটি টিটোয়েন্টি বিশ্বকাপেই দলের সঙ্গী ছিলেন তিনি। থাকছেন এবারও। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সপ্তম বিশ্বকাপে যাচ্ছেন অভিজ্ঞ লেগ স্পিনিং অলরাউন্ডার। নারী টিটোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয় গতকাল রোববার। দলে তেমন কোনো চমক নেই। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে পরিবর্তন আছে একটি। বাদ পড়েছেন শারমিন সুলতানা, তার বদলে ফিরেছেন তাজ নেহার। বিশ্বকাপে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, অন্তত তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য তাদের। ‘পাঁচটি ম্যাচের মধ্যে আমাদের আশা আছে, তিনটি ম্যাচে আমরা জিতব। আমাদের টার্গেট হলো নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিনটা ম্যাচ আমাদের জেতা উচিত বলে আমি মনে করি।’ এবারের বিশ্বকাপ শুরু ১২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন লিডসে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, ২৮ জুন লর্ডসে লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। দেশ ছাড়বেন তারা আগামী ২৫ মে। বাংলাদেশ বিশ্বকাপ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, তাজ নেহার। দলে ফেরা: তাজ নেহার। বাদ: শারমিন সুলতানা।

পূর্ববর্তী নিবন্ধবল হাতে তাসকিনের হাফ-সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধসাফের প্রস্তুতিতে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ফুটবল দল