রেলওয়ে পূর্বাঞ্চলের দীর্ঘদিনের পুরনো, জনপ্রিয় এবং লাভজনক চট্টগ্রাম–নাজিরহাট রুটে চলাচলরত ‘নাজিরহাট লোকাল’সহ ৬টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনবল সংকট মোকাবিলায় চট্টগ্রাম থেকে নাজিরহাট রুটে চলাচলরত দীর্ঘদিনের পুরনো নাজিরহাট লোকাল, নোয়াখালী এক্সপ্রেস ও নরসিংদী কমিউটারসহ ৬টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে রেল ভবনে প্রজ্ঞাপন তৈরির কাজ চলছে। প্রজ্ঞাপনের কপি এসে পৌঁছালে কবে থেকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা শুরু হবে তা নির্ধারণ করা হবে বলে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া ট্রেনগুলো হলো নাজিরহাট লোকাল, নরসিংদী কমিউটার, নোয়াখালী এক্সপ্রেস, সমতট এঙপ্রেস, জয়দেবপুর কমিউটার এবং ঝারিয়া লোকাল। এগুলো চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও নোয়াখালী রুটে চলাচল করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মুহাম্মদ ইমরান আজাদীকে বলেন, নাজিরহাট লোকালসহ পূর্বাঞ্চলের ৬টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। রেল ভবন থেকে প্রজ্ঞাপনের কপি এলে কবে থেকে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে তা জানা যাবে। নাজিরহাট লোকাল এখন রেলওয়ের তত্ত্বাবধানে চলাচল করছে।
রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন বিভাগের) দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রেলওয়ে পূর্বাঞ্চল জোনে সেবার মান ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই ৬টি ট্রেন আউটসোর্সিংয়ের আওতায় আনা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ৮টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। নতুন করে দেওয়া ৬টিসহ পূর্বাঞ্চলের মোট ১৪টি ট্রেন এখন প্রাইভেট ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
রেলওয়ের পরিবহন ও মেকানিক্যাল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূলত রেলে জনবল সংকট মোকাবেলাসহ সেবার মান ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং টিকিট ব্যবস্থাপনা উন্নত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের দাবি অনুযায়ী, এই ব্যবস্থায় রেলের আয় ১৫–২৫% পর্যন্ত বৃদ্ধি পাবে এবং টিকিট কালোবাজারি কমে আসবে।











