নাইজারের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে একদল বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরে রাজধানী নিয়ামেতে দেশটির বৃহত্তম এই বিমানবন্দরের হামলা হয়। এই বিমানবন্দর সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। বিবিসি লিখেছে, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এ বিমানবন্দর দ্বিতীয়বারের মত বড় ধরনের হামলার শিকার হল। আল–কায়েদার আঞ্চলিক শাখা ‘জামাত নুসরত আল–ইসলাম ওয়াল–মুসলিমিন’ (জেএনআইএম) বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ওই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। খবর বিডিনিউজের।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, মুসলিমপ্রধান এই দেশটিতে বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই বিমানবন্দর এলাকা শক্তিশালী বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে।
হামলার ধাক্কা সামলে ওঠার পর নাইজার প্রতিরক্ষা বাহিনী পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে আরও চার হামলাকারী আহত হয়েছেন এবং সন্দেহভাজন ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।












