নগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ভিডিও ভাইরাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। এসব ভিডিও নগরীর জিইসি, গোলপাহাড় মোড়, ২ নম্বর গেট, টাইগারপাস এলাকায় হয়েছে বলে জানা গেছে। ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, নগরের জিইসি এলাকায় ওআর নিজাম আবাসিক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি করা হয় ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে এবং টেকনিক্যাল মোড় থেকে দুই নম্বর গেট এলাকায় মিছিলটি করা হয় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সহসভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যানারে।

অন্যদিকে পলোগ্রাউন্ড থেকে টাইগারপাস এলাকায় মিছিল বের হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যানারে। জিইসি এলাকার মিছিলটি সকালবেলায় এবং টাইগারপাস ও সিআরবি এলাকার মিছিলগুলো জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

মিছিল চলাকালে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি এবং মিছিলে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, জুমার নামাজের সময় মিছিল হয়েছে। ভিডিওগুলো যাচাই করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই মাস ধরে সংরক্ষিত বনভূমির টিলা ও সমতলের জায়গা দখল