নগরীর বিভিন্ন স্থানে ভাসমান মানুষদের কোভিড টিকা প্রদান

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় মহানগরীর ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীকে জনসন কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নগরীর ১ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার সকালে হাজারী লেইনে অবস্থিত মন্দির প্রাঙ্গনে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। গতকাল হাজারী লেইনে ১৫০০ ও নগরীর অন্যান্য স্থানে আরও ৫ হাজার ভাসমান ও ছিন্নমূল মানুষকে এক ডোজ করে জনসন ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রায় সাড়ে ৮ হাজার ভাসমান ও ছিন্নমূল মানুষ এ ভ্যাকসিনের আওতায় এসেছে। নগরীর সকল ভাসমান মানুষ ধাপে ধাপে এ টিকা পাবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জহর লাল হাজারীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এএফএম জাহিদ ও চসিকের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। নগরীর বাকলিয়া, নতুন ব্রিজ সংলগ্ন নোমান কলেজ এলাকা, ষোলশহর রেল স্টেশন এলাকা, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, বহদ্দারহাট বাস টার্মিনাল, আকবর শাহ ও কাটগড় বাস স্ট্যান্ড সংলগ্ন সৈকত কমিউনিটি সেন্টারের সামনে গতকাল জনসন কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শপথ নিলেন ১৪ ইউপি’র ১৬৫ জন সদস্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের স্থগিত নির্বাচন ২৭ ফেব্রুয়ারি