নগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হোক

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। বিশুদ্ধ অক্সিজেন, নির্মল পরিবেশ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। অথচ দিন দিন নগর এলাকায় বৃক্ষরোপণের হার কমে যাচ্ছে। উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কাটা হলেও সেই অনুপাতে নতুন গাছ লাগানোর উদ্যোগ খুব কমই দেখা যায়।

একসময় শহরের বিভিন্ন সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারিবেসরকারি দপ্তর ও খোলা জায়গাগুলোতে প্রচুর গাছপালা ছিল। পথচারীরা গাছের ছায়ায় কিছুটা স্বস্তি পেতেন, পরিবেশও ছিল তুলনামূলক শীতল ও মনোরম। কিন্তু বর্তমানে কংক্রিটের নগরায়ণ, যানবাহনের কালো ধোঁয়া, ধুলাবালি ও অতিরিক্ত তাপমাত্রার কারণে শহরের পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। আজ শহরের মানুষও গ্রামের মতো একটু নির্মল বাতাস ও সবুজ পরিবেশের স্বপ্ন দেখে।

এই স্বস্তি ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বনাঞ্চলেই নয়, সড়কের পাশে, স্কুলকলেজ, হাসপাতাল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এবং খালি জায়গাগুলোতেও পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। একই সঙ্গে লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, চট্টগ্রামসহ দেশের সকল শহরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হোক।

শিক্ষার্থী

বার আউলিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএ পি জে আবদুল কালাম : ভারতের ক্ষেপণাস্ত্র মানব
পরবর্তী নিবন্ধক্যাপ্টেন ডা. কামরুজ্জামান চৌধুরী স্মরণে