ফটিকছড়িতে জমিতে আমন ধানের চারা রোপণ করার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে ফটিকছড়ি থানার মীরেরখীল এলাকার পশ্চিম পাশে একটি ফসলি জমিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস ও মো. হাসেম। তাদের মধ্যে মোহাম্মদ ইউনুস ভূজপুর মিরেরখীল পশ্চিম পাড়া সমছুর বাপের বাড়ির মাহাবুবুল আলমের ছেলে এবং মো. হাসেম একই এলাকার কারিগর পাড়ার প্রকাশ টুক্কুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমিতে আমন ধান রোপণের কাজ করছিলেন ওই দুই কৃষক। বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে আগে থেকেই ওই জমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই ছেঁড়া তারের সংস্পর্শে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের বাড়ি ভূজপুর থানা এলাকায় হলেও দুর্ঘটনাস্থলটি ফটিকছড়ি থানা সীমানার মধ্যে পড়েছে। তাই আইনগত পরবর্তী পদক্ষেপের জন্য ফটিকছড়ি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার দুটিতে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফসলি জমিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।












