ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর হাকিমি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু হবে বলে জানিয়েছে ফরাসি প্রসিকিউটররা। নিজের বক্তব্য তুলে ধরার এই সুযোগকে স্বাগত জানিয়েছেন বর্তমানে বিশ্বকাপে খেলা পিএসজির এই ডিফেন্ডার। এক নারী অভিযোগ করেন, ২০২৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে তাকে ধর্ষণ করেন হাকিমি। সে সময় ওই নারীর বয়স ছিল ২৪ বছর। ২০২৩ সালের মার্চে প্রাথমিক তদন্ত শুরু করে পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। একজন বিচারিক কর্মকর্তা গত ফেব্রুয়ারিতে বিচারের আদেশ দেন। ফরাসি গণমাধ্যমের খবর, হাকিমি সমপ্রতি এই বিচার খারিজ করার আপিল করে ব্যর্থ হয়েছেন। ২৭ বছর বয়সী এই ফুটবলার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে আবারও একই কথা বলেন তিনি। ‘আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের নাম করে এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। মাঝে মাঝে আমার মনে হয়, আমি সহজ লক্ষ্যে পরিণত হয়েছি। আমি প্রথম দিন থেকেই এই বিচারের জন্য অপেক্ষা করছি। আর এখন আগ্রহ নিয়ে এর জন্য অপেক্ষা করছি। অবশেষে আমি কথা বলতে পারব।’ বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচে গত রোববার ব্রাজিলের বিপক্ষে খেলেছেন হাকিমি। শনিবার স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফ্রিকার দলটি।গ্রুপ পর্বে মরক্কোর তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। কিন্তু মরক্কো যদি নকআউট পর্বে ওঠে, আর যদি তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে পড়ে, তাহলে কানাডা বা মেক্সিকোয় প্রবেশে বাধার সম্মুখীন হতে পারেন দলটির খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হাকিমি। যুক্তরাজ্যে চলমান ফৌজদারি মামলার কারণে গত সপ্তাহে ঘানার মিডফিল্ডার টমাস পার্টিকে ভিসা দেয়নি কানাডা। ফলে দলের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে তিনি খেলতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধবসনিয়াকে বড় ব্যবধানে হারালো সুইজারল্যান্ড
পরবর্তী নিবন্ধকাতারকে উড়িয়ে কানাডার প্রথম জয়