‘দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির চলমান অপচেষ্টা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে’র প্রতিবাদে নগরে গতকাল শুক্রবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মহানগর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিকেলে জামিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথমে সমাবেশ হয়। এরপর প্রবল বৃষ্টি উপেক্ষা করে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি জিইসি মোড়ে এসে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি ও সাঈদ আল নোমান এমপি।
এসময় এরশাদ উল্লাহ এমপি বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে জনগণের অধিকার হরণ করা হয়েছে। গুম, খুন, লুটপাট ও দমন–পীড়নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে। তিনি বলেন, সেই অপশাসনের পক্ষে যারা বিভিন্নভাবে যুক্ত ছিল, তাদের অপতৎপরতা এখনো থেমে নেই, তারা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এরশাদ উল্লাহ বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আবু সুফিয়ান এমপি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের জনগণ ভয়, দমন–পীড়ন ও অনিয়মের মধ্যে ছিল। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও পরাজিত শক্তির দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। একটি মহল সরকারের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে সারাদেশে নাশকতা ও খুন–খারাবির চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, জনগণ এখন সচেতন–এই ধরনের ষড়যন্ত্র আর কখনোই সফল হতে দেওয়া হবে না গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাঈদ আল নোমান এমপি বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার অপচেষ্টায় এখনো লিপ্ত রয়েছে। তিনি বলেন, অতীতে গুম, খুন ও লুটপাটের রাজনীতি করে তারা দেশকে গভীর সংকটে ফেলেছিল, যার ক্ষত এখনো সমাজে বিদ্যমান। পরাজিত শক্তির দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে ব্যস্ত।
তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম, এস এম আবুল ফয়েজ, মো. মহসিন, কামরুল ইসলাম, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, জাফর আহমেদ, এ কে খান, মো. আজম ও আশরাফুল ইসলাম, মো. ইউসুফ।










