স্টেডিয়াম মাঠের পর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) জিমনেসিয়ামটি ইনডোর গেমসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনডোর গেমসের অনেকগুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। নানা কারণে প্রায় তিন বছরের মত বন্ধ ছিল এই জিমনেসিয়াম। ২০২৪ সালে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে তখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্যাম্প করে এই জিমনেসিয়ামে। ২৪ এর অভ্যুত্থানের পর ২০২৫ গিয়ে ২০২৬ এসেছে। অবশেষে উন্মুক্ত হয়েছে সিজেকেএস জিমনেসিয়াম। এক সপ্তাহ আগে বাংলাদেশ সেনোবাহিনী তাদের ক্যাম্প সরিয়ে নিয়েছে এই জিমনেসিয়াম থেকে। অবশ্য ২০২৪ এর আন্দোলন পরবর্তীতে নির্বাচন ছাড়াও নানা কারণে বছরেরও বেশি সময় বন্ধ ছিল এই জিমনেসিয়াম। ফলে বলতে গেলে গত তিন চার বছরে কোন খেলাধুলাই হতে পারেনি এই জিমনেসিয়ামে। অবশেষে সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়ায় স্বস্তি ফিরেছে ক্রীড়াবিদদের মাঝে। যদিও এখনো খেলাধুলা শুরু হবে কিনা তা অনিশ্চিত। কারন জেলা ক্রীড়া সংস্থা সমুহে কোন কমিটি নেই। তাই খেলাধুলা আয়োজনেরও কেউই নেই। তবে ক্রীড়াবিদদের মাঝে স্বস্তি এটা যে, অন্তত অনুশীলন করতে পারবেন তারা।
গতকাল জিমনেসিয়ামের ভেতর অনুশীলন করতে দেখা গেছে কিছু সংখ্যক কারাতেকাকে। অন্যান্য ইভেন্টের প্রতিযোগীও অনুশীলন করার সুযোগ পাবেন এই জিমনেসিয়াম উম্মুক্ত হওয়ায়। উল্লেখ্য ২০২৪ এর আন্দোলনের আগেও সবশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের পর নির্বাচনী সরঞ্জাম থাকায় দীর্ঘ দিন বন্ধ ছিল জিমনেসিয়াম। অবশেষে উম্মুক্ত হলো জিমনেসিয়াম আর তাতেই খুশি হবেন চট্টগ্রামের ক্রীড়াবিদরা।












