থাইল্যান্ডে মা–বাবার পিকআপ ভ্যান নিয়ে এক ১১ বছর বয়সী বালকের চালানো গাড়ির ধাক্কায় অন্তত ৯ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। দেশটির উত্তর–পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের ভিড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় একটি উদ্ধারকারী দলের শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গেরুয়া রঙের পোশাক পরা ভিক্ষুরা যখন সড়ক ধরে যাচ্ছিলেন, ঠিক তখনই গাড়িটি তাদের ওপর উঠে যায়।
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে। দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০০ মাইল বা ৬৫০ কিলোমিটার দূরে উত্তর–পূর্বাঞ্চলীয় মুকদাহান শহরে এই দুর্ঘটনা ঘটে। মুকদাহান প্রদেশের গভর্নর ভোরায়ান বুনারাত জানিয়েছেন, ৩৪ জন বৌদ্ধ ভিক্ষু এবং ৫ জন অনুসারীর একটি দল ওই প্রদেশের একটি মন্দির থেকে প্রতিবেশী উবোন রাতচাথানি প্রদেশের আরেকটি মন্দিরে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আহত মানুষজন রাস্তায় পড়ে আছেন এবং ভিক্ষুদের ব্যবহৃত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। খবর বিডিনিউজের।
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দেশটির মোট জনসংখ্যার ৯৩ শতাংশের বেশি মানুষ এই ধর্মের অনুসারী।
গভর্নর বুনারাত জানান, ৫ জন ভিক্ষু দুর্ঘটনাস্থলেই মারা যান এবং ৩ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। পরে মুকদাহান প্রাদেশিক কার্যালয় থেকে নবম ভিক্ষুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়া অন্তত ৩ জন ভিক্ষু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।








