তুরাগে ৭ লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ সদর দপ্তর

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন দাবি করেছে পুলিশ সদরদপ্তর। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ’, এ ধরনের সংবাদ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি দাবি করে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। খবর বিডিনিউজের।

দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাসমালোচনার মধ্যে সন্ধ্যার পর পুলিশ সদর দপ্তর এ বিষয়ে বার্তা দিয়েছে। পুলিশ বলছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর। কারো বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গঠনে মানবিক মূল্যবোধ সম্পন্ন যুবসমাজ দরকার
পরবর্তী নিবন্ধবুয়েটে আবরার ফাহাদের নামে হবে নতুন হল : শিক্ষামন্ত্রী