যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে বড় ভিসা এইচ–১বি বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্তত তিন বছরের জন্য এইচ–১বি ভিসা কর্মসূচি বন্ধ রাখার বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পেশ করেছেন মন্টানার রিপাবলিকান সেনেটর টিম শিহি। এই বিলে এইচ–১বি ভিসার আবেদনের জন্য ট্রাম্পের প্রস্তাবিত ১ লাখ ডলার ভিসা ফি–ও বিধিবদ্ধ করার করার প্রস্তাব রাখা হয়েছে।
‘এন্ড এইচ–১বি অ্যাবিউজ অ্যাক্ট’ শীর্ষক এই বিল পেশের পক্ষে সেনেটরদের যুক্তি হল, এইচ–১বি কর্মসূচি তৈরি হয়েছিল শুধুমাত্র সেই সব ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের জন্য, যেখানে যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় দক্ষ কর্মীর অভাব রয়েছে। কিন্তু বাস্তবে বহু সংস্থা তুলনামূলক কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিচ্ছে। খবর বিডিনিউজের। মন্টানার রিপাবলিকান টিম শিহি–র কথায়, এইচ–১বি ভিসা কর্মসূচি কখনোই যোগ্য ও পরিশ্রমী মার্কিনিদের সরিয়ে সস্তা বিদেশি শ্রমিক নিয়োগের জন্য তৈরি হয়নি। নতুন আইন করে সেই অপব্যবহার বন্ধ করা হবে। মার্কিন কর্মীদের স্বার্থ সর্বাগ্রে রাখা হবে। প্রস্তাবিত বিলে বড় পরিবর্তনগুলো হল, আগামী তিন বছরের জন্য কোনও নতুন এইচ–১বি ভিসা দেওয়া হবে না। এই সময়ের মধ্যে গোটা কর্মসূচি পুনর্বিবেচনা করা হবে। পরে আবার ভিসা চালু হলেও তা বর্তমান নিয়মে নয়, বরং অনেক বেশি বিধিনিষেধ এবং কঠোর মানদণ্ড মেনে দেওয়া হবে।
ট্রাম্প প্রশাসন এর আগে গতবছর সেপ্টেম্বরে প্রতিটি এইচ–১বি ভিসার আবেদনের জন্য ১ লাখ মার্কিন ডলার ফি ধার্য করেছিল। কিন্তু ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে জানিয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন ফি আরোপ করা যায় না। আদালতের সেই সিদ্ধান্তের মাসখানেক পেরোনোর পর নতুন বিলটি সেনেটে পেশ হল।











