তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিধি–বিধান থাকলেও মানুষের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি গতকাল সোমবার চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কার্যভবন–২ এর প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রাম আয়োজিত ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর বাসসের।

বিভাগীয় কমিশনার বলেন, তথ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া গেলে মানুষ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। অন্যদিকে ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্যের কারণে ব্যক্তি ও সমাজের পরিকল্পনা ব্যাহত হতে পারে। বর্তমানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ডিপফেকের মতো বিষয়গুলো তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি বলেন, দেশে তথ্য অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নে বিভিন্ন বিধি–বিধান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা রয়েছে। তথ্য না পাওয়া বা কোনো বিষয়ে অভিযোগ করে প্রতিকার পাওয়ার সুযোগও রয়েছে। তবে এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও বাস্তবে তথ্যের অবাধ প্রবাহ কাঙ্খিত পর্যায়ে পৌঁছায়নি।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে এবং তথ্য অফিসার জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি কল্যাণ বোর্ডের পরিচালক মো.নিজাম উদ্দিন, চট্টগ্রাম নৌ–বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ও নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী, বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের উপ–প্রধান বিস্ফোরক পরিদর্শক ড.মো. আসাদুল ইসলাম, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্ভিদ সংগনিরোধ রোগতত্ত্ববিদ মো. শেখ ফরিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ ইসলামী ব্যাংক হালিশহর শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধ৭০% লোকের রায় মেনে না নিলে মাঠে নামতে বাধ্য হবো