নগরের ডবলমুরিং থানার দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছোরা, চাপাতি, লোহার রড ও স্লাই রেঞ্চ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ডবলমুরিংয়ের দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে কিবরিয়ার খালিমাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খান।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমরান (২১), জালাল আহমেদ প্রকাশ রানা (৩২), মেহেদী হাসান রুবেল (২৫), কাদের আল মঈন উদ্দিন প্রকাশ রাজু (৪১) এবং মো. রবিন (৩০)। তারা চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলার বাসিন্দা এবং বর্তমানে ডবলমুরিং থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে নালাপাড়ার কিবরিয়ার খালি মাঠ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্টিলের টিপ ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি স্লাই রেঞ্চ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা নগরের বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










