টেকনাফে দিনদুপুরে হোমিও চিকিৎসককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৪:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৬৫ বছর বয়সী হোমিওপ্যাথি চিকিৎসক কামাল মাস্টারকে নিজ বাড়ি থেকে অপহরণ করেছে সশস্ত্র লোকজন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীর জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, ছয়জনের একটি সশস্ত্র পাহাড়ি ডাকাত দল কামাল মাস্টারকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি অপহরণকারীদের সম্ভাব্য অবস্থান শনাক্তে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করেছে।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস জানান, প্রকাশ্যে একজন চিকিৎসককে বাড়ি থেকে অপহরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃত চিকিৎসককে সুস্থ অবস্থায় উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আইনশৃক্সখলা বাহিনীর অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক ও আধুনিক মাইক্রোস্কোপ উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাড়ে ৩ বছর পার, এখনো শুরু হয়নি বিচার