জয় দিয়ে রবিন লিগ শুরু আকুবদন্ডী ও বড়উঠানের

অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের রবীন লিগ জয় দিয়ে শুরু করেছে আকুবদন্ডী ফুটবল একাডেমি ও বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রবীন লিগের প্রথম ম্যাচে আকুবদন্ডী ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩–২ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে রবিন লিগে শুভ সূচনা করে। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। দুটি দলই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলে। কিন্তু গোলদাতার অভাবে গোল পাওয়া হয়নি কোন দলেরই। খেলা ০–০ গোলে ড্র থাকায় টাইব্রেকারে ফলাফল নিস্পত্তি করা হয়। টাইব্রেকারে আকুবদন্ডীর পক্ষে আব্বাস উদ্দিন মিনহাজ, শিহাবুল ইসলাম ও অর্ক নাথ গোল করে। অন্যদিকে ডায়নামিকের পক্ষে আবদুল্লাহ আল মামুন ও আবদুল আহাদ নিজ নিজ দলের পক্ষে গোল করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আকুবদন্ডীর গোলকিপার মুনতাসীর আলম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলার প্রবীন কুমার ঘোষ।

বিকালে অনুষ্ঠিত রবীন লিগের দ্বিতীয় ম্যাচে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ৩–০ গোলে সন্দ্বীপ ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার শুরু থেকেই বড়উঠান আধিপত্য বিস্তার করে খেলে। শুরুর কয়েকমিনিটের মধ্যেই বড় উঠান এগিয়ে যায়। খেলার প্রথমার্ধে তারা ২–০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে সন্দ্বীপ ফুটবল একাডেমি কিছুটা আক্রমণ করে খেলতে থাকে। বেশ কবার তারা বড়উঠানের গোলমুখে গেলেও গোল করতে ব্যর্থ হয়। উপরন্তু আরো একটি গোল হজম করে সন্দ্বীপ একাডেমি। বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির পক্ষে ইমতিয়াজ হোসেন সাইফ একাই ২টি গোল করে। সিয়াম বিল ইলিয়াস করে ১টি গোল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বড়উঠানের ইমতিয়াজ হোসেন সাইফ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিল সোহেল আহমেদ। আজ টুর্নামেন্টের কোন খেলা নেই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-রাজশাহী ম্যাচ ড্র
পরবর্তী নিবন্ধনির্মলেন্দু চৌধুরী স্মরণে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান কাল