জুলাই শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে : সাঈদ আল নোমান

২ শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হলো নগদ ২ লাখ টাকা

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও কল্যাণে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করা শহীদদের আত্মত্যাগের কারণেই দেশ নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।

তাই শহীদ পরিবারগুলোর সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

তিনি গতকাল রোববার পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, যেখানে একজন মা তাঁর সন্তানকে হারিয়েছেন, একজন সন্তান তাঁর বাবাকে হারিয়েছে, একটি পরিবারের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়েছে সেখানে রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। আমরা এমন কোনো কাজ করব না, যাতে শহীদ পরিবারগুলো কষ্ট পায় বা নিজেদের অবহেলিত মনে করে।

সাঈদ আল নোমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওমর ফারুক ও ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া তিনি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম এবং জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চিত্রপ্রদর্শনী পরিদর্শন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এতে উদ্বোধক ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক।

সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল ইসলাম রাজুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এস কে খোদা তোতন, জসিম উদ্দিন জিয়া, আরিফ মেহেদী, শহীদ ওয়াসিমের বাবা শহীদুল আলম এবং শহীদ ফারুকের স্ত্রী সীমা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভূমি রেজিস্ট্রেশনে বিদ্যমান সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল