কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে শিশু কিশোরদের ভেতর মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বরেণ্য আবৃত্তিশিল্পী ফখরুল ইসলাম স্মরণে তারা উৎসব। গতকাল শনিবার বেইলি রোডে মহিলা সমিতি নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বাংলাদেশের প্রথমশ্রেণীর আবৃত্তি সংগঠন স্রোত আবৃত্তি সংসদ জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা উৎসবের আয়োজন করে। উৎসব উদ্বোধন করেন কণ্ঠশিল্পী আশরাফুল আলম। স্রোত আবৃত্তি সংসদ সভাপতি মাহফুজ মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ রিজভীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্রোত আবৃত্তি সংসদের সাবেক সভাপতি ও তারা উৎসব কমিটির আহবায়ক মাসুদুজ্জামান। উপস্থিত ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, রাশেদ হাসান ও ফখরুল ইসলাম তারার পত্নী রুখসানা ইসলাম। উৎসবে পদক গ্রহণ করেন চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন ও বৈকুন্ঠ আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাকিম তানভীর। এসময় সংগঠন প্রধান ও শিল্পীর হাতে তারা পদকের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। সংগঠনকে ত্রিশ হাজার টাকা ও একক শিল্পীকে দশ হাজার টাকা প্রদান করা হয়েছে। তারা উৎসবে দলগত পরিবেশনা করেন হৃদয়বৃত্তি সাংস্কৃতিক সংঘ,শিল্পবৃত্ত, গেন্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা, শিমুলের পাঠশালা, স্রোত কিশলয় ও প্রমা আবৃত্তি সংগঠন।












