জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংলাদেশ

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু–স্টেট সলিউশন’–এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ সমর্থনের কথা জানান। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।

বৈঠকে দেওয়া বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে। একইসঙ্গে তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩–এর আওতায় গৃহীত ব্যবস্থাগুলোর দ্রুত বাস্তবায়ন, স্পষ্ট জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র ম্যান্ডেট সুরক্ষা ও এর টেকসই অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতি পরিবর্তন রোধ এবং বসতি সমপ্রসারণ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছর পর স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি চলছে ২০ শতাংশ জনবলে