নগরীর মিয়াখান নগর এলাকা থেকে চোরাই একটি ল্যাপটপসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর হাজারী লেনের নিউ খাজা জুয়েলার্স থেকে চোরাই এক টুকরা গলিত স্বর্ণও উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার মো. নজরুল ইসলাম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৫ মে নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদের আলফালাহ গলির মনিজা মঞ্জিলের একটি বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা ও প্রাইজ বন্ডসহ প্রায় ৯ লাখ ৫ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিষ্ণু পদ ধর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে চোরাই একটি ল্যাপটপসহ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন হাজারী লেনের নিউ খাজা জুয়েলার্স থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৪ দশমিক ৪৬ গ্রাম গলিত স্বর্ণ, স্বর্ণ ক্রয়ের একটি ভাউচার ও স্বর্ণ পরীক্ষার একটি রিপোর্ট উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।













