চেয়ারম্যান পদে ৩৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বাঁশখালী ইউপি নির্বাচন ।। সংরক্ষিত সদস্য ৯০ ও সাধারণ সদস্য পদে ৩২৮

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর ১৪ ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের অনেকে দলীয় মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান করছেন। আবার তাদের সমর্থনে অনেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। পুরাতন ও বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি নতুন অনেক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৩২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বাঁশখালীর ১৪ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য ৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সামগ্রিক দায়িত্ব পালনের পাশাপাশি বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাহারছড়া, কাথারিয়া ও কালীপুর ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা পুকুরিয়া, সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে, কোতোয়ালী থানার নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে, পাঁচলাইশ থানার নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বৈলছড়ি, সরল ও চাম্বল ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে, চন্দনাইশ থানার নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম শেখেরখীল, শীলকুপ ও গণ্ডামারা ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, মো. খালেকুজ্জামান, মোহাম্মদ রহিম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম চৌধুরী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে এরশাদুর রহমান, ফজলুল কাদের, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

শীলকূপ ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন নেননি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে ফজলুল কাদের চৌধুরী, আজিজুর রহমান, মো. আতাউর রহমান, মো. মোরশেদুল ইসলাম ফারুকী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গণ্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. লেয়াকত আলী, সাবেক চেয়ারম্যান মো. আরিফ উল্লাহ, জাহিদুল হক চৌধুরী, জেসমিন আক্তার, মো. সেলিম উল্ল্যাহ, মো. শফকাত হোছাইন চাটগামী, মো. নুরুল আলম, আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশা, মো. আজিজুল হকসহ ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, জাফর আহমদ, আবদুল মান্নান, দিদারুল আলম, মো. আবছার উদ্দিন চৌধুরীসহ ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, মো. আমিরুল হকসহ ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি, তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. জাহেদুল হক ১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরী, মোহাম্মদ তারেকুল রহমান, মোহাম্মদ সোলাইমান, কবির আহমদ, শাকের উল্লাহ, আ ন ম হেলাল উদ্দিনসহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মো. আহসান উল্লাহ চৌধুরী, চৌধুরী মিয়া মোহাম্মদ আশেখ এলাহী, শেখর দত্তসহ ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ মাসুদ, রাশেদ আলীসহ ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন, সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সবমিলে গতকাল সোমবার পর্যন্ত বাঁশখালীতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৩২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন।

পূর্ববর্তী নিবন্ধলাল সোনাইলে মুগ্ধতা
পরবর্তী নিবন্ধপিস্তল হাতে ভাইরাল ছাত্রলীগ নেতা গ্রেপ্তার