চালক গ্রেপ্তার, নাফিসার বাবার মামলা

ক্রেন চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেট এলাকায় ক্রেন চাপায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালের মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল নগরীর ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চালকের নাম শামীম বিশ্বাস। তিনি মাগুরার শ্রীপুর এলাকার বাসিন্দা। এদিকে এ ঘটনায় নাফিসার বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, নাফিসা নাওয়াল নগরীর দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের চলমান এইচএসসির পরীক্ষার্থী। গত শনিবার ভাড়া বাসা থেকে এইচএসসি পরীক্ষাকেন্দ্র হাজী মোহাম্মদ মহসিন কলেজের উদ্দেশ্যে একটি পাঠাও মোটরসাইকেলে করে যাত্রা করেন। ইপিজেড থানাধীন এয়ারপোর্টসল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনের বন্দরটিলা নেভি হাসপাতাল গেট দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে পৌঁছামাত্র একই লেনে বিপরীত দিক থেকে আসা প্যাডেল চালিত একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান নাফিসা। তখন একই লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী পিছনে থাকা ম্যাক্স কোম্পানির ক্রেন চালক শামীম বিশ্বাস বেপরোয়া গতিতে চালিয়ে রাস্তায় পড়ে থাকা নাফিশা নাওয়ালকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি ডা. মারিয়াসহ উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত ক্রেন চালক শামীম বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
পরবর্তী নিবন্ধম্যাকাইয়ে দুদিনেই শেষ দ্বিতীয় টেস্ট, সিরিজ ড্র