নগরীতে চাপাতি ও দেশীয় অস্ত্রসহ রাকিবুল হাসান জাহিদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। আকবরশাহ্ থানাধীন কাঁচা বাজার এলাকা থেকে গত শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ ফিরোজশাহ্ নাছিয়াঘোনা বিশ্বকলোনি এলাকার মো. মজনুর ছেলে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গ্রেপ্তার জাহিদের নেতৃত্বে আরো কয়েকজন অভি মাল্টিমিডিয়া নামক একটি কম্পিউটারের দোকানের কর্মচারী মো. রবিনকে মারধর করার অভিযোগে একটি মামলা হয়। মো. আবদুল কাদের নামে এক ব্যক্তি বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি এ মামলা করেন।
মামলায় মারধরের পাশাপাশি দোকানের শোকেসে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের একটি ডিএসএলআর ক্যামেরা, দোকানে রক্ষিত ক্যাশ বাক্স খুলে নগদ ৫ হাজার টাকা ও দোকানে থাকা কম্পিউটার ভাঙচুর পূর্বক আনুমানিক ৪০ হাজার টাকা ক্ষতি সাধনের অভিযোগ করা হয়। মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার ও পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১টি চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি জহির।












