নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মোজাফফর নগরে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি–ধমকি দিয়েছে বড় সাজ্জাদের অনুসারীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী মাহফুজা খানম রুনা নগরীর বায়েজিদ থানায় ৩ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে একাধিক নম্বর থেকে তার স্বামীর মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাদের ক্ষতি করবে এবং তাদের সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে বলেও হুমকি দেওয়া হচ্ছে। মাহফুজা খানমের স্বামীর নাম মাকসুদুর রহমান। তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন মোজাফফর নগরের বাসিন্দা এবং মোজাফফর চৌধুরীর ওয়ারিশ।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের লোক পরিচয় দিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে আমাদের ক্ষতি করবে এবং আমার ছেলে–মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক মোস্তফা কামাল জানান, ডেভিড ইমন ও সাজ্জাদের লোক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












