চবিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ১২ কক্ষে ভাঙচুর

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

অভ্যান্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয়। এ সময় সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট কক্ষসহ বেশ কয়েকটি প্রশাসনিক কক্ষ ও আলাওল হলের দুটি কক্ষসহ প্রায় ১২টি কক্ষ ভাঙচুর করা হয়। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার আলাওলের হলের দুটি কক্ষ ভাঙচুর করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার বিজয় গ্রুপের কর্মীদের একাংশ আলাওল হল ও এফ রহমান হল থেকে মিছিল নিয়ে বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের সামনে পৌঁছালে অন্যপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। পরে সোহরাওয়ার্দী হলে থাকা বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে গতকাল দুপুরে চবির আলাওল এবং এএফ রহমান হল থেকে বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে এসে কক্ষ ভাঙচুর করেন। এ সময় সোহরাওয়ার্দী হলের অফিস কক্ষসহ প্রায় ১০টি রুম ভাঙচুর করা হয়।
ঝামেলার বিষয়টি অস্বীকার করে বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, জুনিয়রদের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়েছিল। বিষয়টি সমাধান হয়ে গেছে। এখন কিছুই নাই।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, বিজয় গ্রুপের ছেলেদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যার কারণে এসব ঘটেছে। বেশকিছু কক্ষ ভাঙচুর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধতিন হাজার ৬৬৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে
পরবর্তী নিবন্ধমালিঙ্গার ১০ বছর পর তাসকিন