চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের উদ্যোগে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘International Conference on Evolving Refugee Protection Architectures in South Asia’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
গতকাল বৃহস্পতিবার চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আইন বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রকিবা নবী লিখিত বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তু সুরক্ষা ও মানবাধিকার বিষয়ে উচ্চপর্যায়ের অ্যাকাডেমিক ও নীতিগত সংলাপের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় অবদান রাখবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তু সুরক্ষার পরিবর্তনশীল কাঠামো, মানবাধিকার, আন্তর্জাতিক শরণার্থী আইন, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে দেশ–বিদেশের শিক্ষাবিদ, গবেষক, বিচারক, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। আয়োজকরা জানান, সম্মেলনের জন্য দেশ–বিদেশ থেকে ২০০টির বেশি গবেষণা–সারসংক্ষেপ জমা পড়ে। কঠোর অ্যাকাডেমিক মূল্যায়নের মাধ্যমে ৬৫টি গবেষণাপত্র এবং ২৩টি গবেষণা–পোস্টার উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. নির্মল কুমার সাহা, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. আসমা বিনতে শফিক ও রাশফিয়াতুর রাশফি।










