চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিতে এবার পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়। কমিটিতে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. খুরশীদ জামিল আহ্বায়ক করা হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক অফিসে আদেশে বিষিয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির বাকি চার সদস্য হলেন– চট্টগ্রাম আইএএইচসের (সাবেক ইউএসটিসি) ইএনটি বিভাগের প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম মহনগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিনুল হক এবং ডা. গোলাম কাদের চৌধুরী নোভেল।
আদেশে তত্ত্বাবধায়ক কমিটির কর্মপরিধি উল্লেখ করা হয়েছে, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, এতদসংক্রান্ত বিধি ১৯৬২ এবং অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তত্ত্বাবধায়ক কমিটি কার্যকরি কমিটির ন্যায় সমুদয় কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন। তত্ত্বাবধায়ক কমিটি এ আদেশ প্রাপ্তির তারিখ থেকে অনতিবিলম্বে গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচন অনুষ্ঠানের সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করবেন। তত্ত্বাবধায়ক কমিটি এ আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র অনুসারে নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।









