উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, বন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের গতিপথ সম্পর্কে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপটি এখন আস্তে আস্তে স্থলভাগের দিকে যাবে। আগামীকাল রাত বা পরবর্তী সকালের মধ্যে এটি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপটি মূলত ভারতের উড়িষ্যার দিকে যাবে। এর প্রভাবে বৃষ্টিপাত প্রসঙ্গে তিনি বলেন, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি একটু বেশি থাকবে। সিলেটেও বৃষ্টির প্রভাব একটু বেশি থাকতে পারে। ঢাকায় লঘুচাপের তেমন বেশি প্রভাব থাকবে না। এখানে মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে অপরিবর্তিত। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৪৪ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ২৬ মিলিমিটার।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে আরও ৬ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নতুন পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন