রাগ বৈরাগী ভৈরবের কোমল নিষাদের নিনাদ এবং শুদ্ধ মধ্যম এর ললিতের মধ্য দিয়ে অংকিত এক বৈরাগী সকালে ছবি ফুটে উঠল। শ্রোতারাও যেন সেই সুরের ছবির ক্যানভাসের দিকে ধ্যান–মগ্ন। ক্যানভাসে স্বরের রঙ দিয়ে ছবি আঁকছেন স্বরাজ সাহা। গতকাল শনিবার চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট (সিসিএমআই) এর আয়োজনে নগরীর জেলা পরিষদ মার্কেটের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় সকালের রাগের গায়ন নিয়ে শ্রোতার আসর। শ্রোতার আসর সাজানো হয় দুটি পর্বে। প্রারম্ভিক পর্বে ছিল রাগ সংগীত পরিবেশন এবং অন্তিম পর্বে ছিল শ্রোতাদের অংশগ্রহণে মতামত নিয়ে বিশ্লেষণ পর্ব। গায়ন পর্বে রাগ বৈরাগী ভৈরব পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী স্বরাজ সাহা।
আলাপ বিস্তারে তিনি বৈরাগীর বৈরাগ্য ভাব ফুঁটিয়ে তোলেন। পরে তিনি সকালের আর একটি সকালের রাগ ভাটিয়ার পরিবেশন করেন। শেষে, শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় বিশ্লেষণ পর্ব অনুষ্ঠিত হয়। শ্রোতার আসরের বিশেষ দিক হল একই মেঝেতে শ্রোতা ও শিল্পীর সহাবস্থান। এই পর্বে অংশগ্রহণ করেন সিসিএমআই এর গুরু ও নন্দিত মোহন বীণা শিল্পী, উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী রাজেশ সাহা, শিল্পী আ ন ম নাসির উদ্দিন, শিল্পী মোখলেছুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












